ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পার্বত্য পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল ওয়াদুদ ভুঁইয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি এসএম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওয়াদুদ ভুঁইয়ার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২১ মার্চ খাগড়াছড়ি থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নুুরুল আলম তার বিরুদ্ধে ওই দুর্নীতির মামলা দায়ের করেন।
এ মামলায় ২০০৭ সালের ২২ জুলাই বিশেষ আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।
সেই আপিল বিচারাধীন অবস্থায় দায়ের করা তার জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম।
জামিন আদেশের পর ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ আদেশের পর ওয়াদুদ ভুঁইয়ার কারামুক্তির পথে আর কোনো বাধা রইলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24