সাভার, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী ইশতেহার অনুযায়ী আওয়ামী লীগ প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির অঙ্গীকার পূরণ করবে বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার শওকত আলী।
তিনি বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেছে। সরকার সে অঙ্গীকার পূরণ করবে।"
সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অডিটরিয়ামে 'প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব পরিবেশ গঠনে সম্মিলিত প্রয়াস' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিজএবিলিটি ফ্রেণ্ডস ক্লাব, সেণ্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং মানুষের জন্য ফাউণ্ডেশন এ সভা আয়োজন করে।
প্রধান অতিথির ভাষণে ডেপুটি স্পিকার আরও বলেন, ''বর্তমান সরকার গরীব মানুষের সরকার। দেশের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার বদ্ধপরিকর।''
কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জাবি উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মুনিরুজ্জামান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, সিডিডি'র চেয়ারম্যান শেখ এ হালিম, মানুষের জন্য ফাউণ্ডেশন-এর নাজরানা ইয়াসমিন হীরা প্রমুখ।
জাবি উপাচার্য বলেন, ''প্রতিবন্ধীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক ও সহানুভূতিশীল। এজন্য বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা চালু হয়েছে।''
বক্তারা সকলকে প্রতিবন্ধীদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, সুযোগ পেলে প্রতিবন্ধীরাও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24