ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের হাইকোর্ট বেঞ্চ খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
গত বছর ১৬ অক্টোবর খালেদার বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট।
এরপর হাইকোর্ট এই স্থগিতাদেশের মেয়াদ একবার বাড়িয়েছিল।
স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর খালেদার আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
গত বছর ৫ অক্টোবর এ মামলায় ১৬ জনকে আসামী করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
গত বছর ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১১৪ঘ.
bdnews24