ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়িটির বিষয়ে লিগ্যাল নোটিশের জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি।
সোমবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ একথা জানান।
মওদুদ বলেন,'' উকিল নোটিশের জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। দলীয় ফোরামে সিদ্ধান্ত হওয়ার পর এ বিষয়ে আমরা অগ্রসর হব।''
এদিকে টিভি চ্যানেল এটিএন বাংলার খবরে বলা হয়েছে, আইনমন্ত্রী শফিক আহমেদ তার দপ্তরে কয়েকজন সাংবাদিককে বলেছেন, সরকার ওই নোটিশের জবাব দেবে না।
খালেদা জিয়া পনেরো দিনের মধ্যে বাড়ি না ছাড়লে কী করা হবে সে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেক্ষেত্রে 'আইন অনুযায়ী' ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় প্রেস ক্লাবে 'ন্যাশনাল ইয়ুথ ফোরামের' নামে এক সংগঠনের উদ্যোগে 'পিলখানা ট্র্যাজেডির দুই মাস, সরকারের ভূমিকা ও জাতির প্রত্যাশা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অংশ নিতে এসে মওদুদ এসব কথা বলেন।
লিজ আইনানুগভাবে হয়নি উল্লেখ করে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর গত ২০ এপ্রিল শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়িটি খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেয়।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে তার একজন আইনজীবী এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ওই সংস্থাকে ৫ দিনের মধ্যে জবাব চেয়ে একটি উকিল নোটিশ পাঠান। মঙ্গলবার ওই নোটিশটির জবাব দেওয়ার শেষ দিন।
মওদুদ সাংবাদিকদের আরো জানান, আইনগত ব্যবস্থার পাশাপাশি আন্দোলনও চালিয়ে যাবে বিএনপি।
পিলখানা ঘটনার তদন্তে 'বিলম্বে' ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন,''সরকার এ ঘটনার তদন্ত বিলম্বিত করছে। তারা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে খালেদা জিয়ার বৈধ বাড়ির লিজ বাতিলের মতো অবৈধ সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি আটক বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, সাংবাদিক আমানুল্লাহ কবির, আবদুল হাই শিকদার, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) এর মহাসচিব আবু নাসের মো. রহমতুল্লাহ, অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/২০০৪ঘ.
bdnews24