সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে সিলেটে বিএনপির দুটি গ্র"প পৃথকভাবে মিছিল-সমাবেশ করেছে।
বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যানারে সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর অনুসারীরা নগরীর তালতলায় সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনের মাঠে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির আহবায়ক এম ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংসদ শাম্মী আক্তার, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল গফ্ফার, নুরুল হক, নোমান মাহমুদ, কামরুল হুদা জায়গীরদার, আলী অহমদ প্রমুখ।
সমাবেশ শেষে তারা নগরীতে মিছিল করেন। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।
একই সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসেইনের অনুসারীরা মহানগর বিএনপির ব্যানারে নগরীর আদালত মোড়ে সমাবেশ করে।
মহানগরের সহ সভাপতি উসমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, আমির হোসেন, আলী আহমদ বাচ্চু, আব্দুর রহিম, জাকির হোসেন, আবু নোমান, ফিরোজ আহমদ, সাদিকুর রহমান সাদিক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দুই সমাবেশেই বক্তারা খালেদা জিয়ার বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24