২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাইরের ইস্যু নিয়ে বিরোধী দলের সংসদ বর্জন ঠিক হবে না'

সংসদের বাইরের ইস্যু নিয়ে বিরোধী দলের সংসদ বর্জন ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। শুক্রবার সকালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক কনভেনশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের বাইরের ইস্যু নিয়ে বিরোধী দলের সংসদ বর্জন ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। শুক্রবার সকালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক কনভেনশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, '' জাতীয় সংসদ সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দু। সংসদে সব কিছু আলোচনা হতে পারে। কিন্তু সংসদের বাইরের কোনো বিষয় নিয়ে বিরোধী দলের সংসদ বর্জন সঠিক হতে পারে না।'' গত ২০ এপ্রিল বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পর বিএনপি'র জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদ বর্জনের হুমকি দিয়েছিলেন। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ বাংলাদেশ এর ২৪তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ বলেন, ''নবম সংসদ যাত্রা শুরু করেছে। গণতান্ত্রিক এ ধারাকে অব্যাহত রাখতে সরকারি ও বিরোধী দলকে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে।'' সরকার দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চাল, ডাল ও তেলের দাম সহনীয় পর্যায়ে নেমে এসেছে। তিনি সরকারের উন্নয়ন ও জনকল্যাণ কর্মসূচিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান। লায়ন্স ক্লাব এর জেলা গভর্নর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন শেখ কবির হোসেন, মোসলেম আলী খান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মোদ্দচ্ছের আলী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৬ ঘ.