ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যা ৭টা থেকে দেড় ঘন্টা এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
সাক্ষাতের সময়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী এবং ভারতের ডেপুটি হাইকমিশনার মুক্তা ডি টোমার উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, '' এটা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমরা ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।''
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, দু'জনের আলোচনায় দ্বি-পক্ষীয় সংলাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে পরিণত করার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।
গত নির্বাচনের পর সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার পর বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটি প্রথম সাক্ষাৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪৫ঘ.
bdnews24