২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নিয়ে স্থিতাবস্থার মেয়াদ বৃদ্ধি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল বিষয়ে স্থিতাবস্থার আদেশ রোববার পর্যন্ত বাড়িয়েছে আদালত। ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ মামুনুর রশীদ বৃহস্পতিবার 'শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের' দায়ের করা নিষেধাজ্ঞা মামলায় সংক্ষিপ্ত শুনানি শেষে এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল বিষয়ে স্থিতাবস্থার আদেশ রোববার পর্যন্ত বাড়িয়েছে আদালত। ঢাকার সপ্তম যুগ্ম জেলা জজ মামুনুর রশীদ বৃহস্পতিবার 'শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের' দায়ের করা নিষেধাজ্ঞা মামলায় সংক্ষিপ্ত শুনানি শেষে এ আদেশ দেন। অন্যদিকে ঢাকার তৃতীয় সহকারী জজ আদালতে একই দিনে পুরনো ঢাকার ব্যবসায়ী ফজলুল হক ভূইয়ার দাখিল করা রাজধানীর নয়া পল্টনে অবস্থিত ওই ভবনের দখল ফেরত পেতে ডিক্রি কার্যকর মামলার শুনানি হয়। এ আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান দখল ফেরতের মামলায় ৫ মে পর্যন্ত ডিক্রি জারি স্থগিতের আদেশ দিয়ে ওইদিন এ বিষয়ে আরো শুনানির দিন নির্ধারণ করেছেন। এর আগে ১৬ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দায়ের করা নিষেধাজ্ঞার মামলায় সপ্তম যুগ্ম জেলা জজ স্থিতাবস্থার আদেশ দেন। আদেশে বলা হয়, ওই ভবনটিতে যে যতটুকু দখলে আছেন সে অবস্থায়ই থাকবেন। ভবনটি বর্তমানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দখলে রয়েছে। অন্যদিকে তৃতীয় সহকারী জজ ১৯ মার্চ সাইফি গ্লাস হাউজকে (বিএনপি'র কার্যালয়) উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছিলেন। এর আগে সম্পত্তিটির মালিকানার ব্যাপারে জনৈকা রিজিয়া বেগমের নামে রায় ডিক্রি হয়। ৮৭ সনে রিজিয়া বেগম মারা যান। ১৯৯৮ সালে হাইকোর্ট এ ভবনের দখল রিজিয়ার স্বামী ফজলুল হক ভূইয়াকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। জিয়া চ্যারিটেবলের আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং ফজলুল হক ভূইয়ার আইনজীবী মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার এ সকল তথ্য নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১৩৯ঘ.