ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে দুর্নীতির মামলায় আগামী ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা ওই মামলায় তার হাইকোর্টের জামিন ও সাজা স্থগিতের আদেশও স্থগিত করেছে আপিল বিভাগ। (আরো তথ্যসহ)
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এসব আদেশ দেন।
শুনানিতে সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান উপস্থিত ছিলেন।
আদেশের পর দুদকের কৌঁসুলি খোরশেদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে শাহজাহান ওমরকে ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।"
দণ্ডপ্রাপ্ত পলাতকদের হাইকোর্টে বিচারাধীন জামিন আবেদনের উপর এ আদেশের কোন প্রভাব পড়বে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বেলন, "আপিল বিভাগের আদেশ হাইকোর্টের জন্য মানা বাধ্যতামূলক। তাই এ আদেশের প্রভাব রয়েছে।"
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় গত ১৪ জানুয়ারি শাহজাহানকে জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই মামলায় নিম্ন আদালতের রায়ও স্থগিত করে হাইকোর্ট।
২০০৮ সালের ১৪ মে নিম্ন আদালত শাহজাহানকে ওই মামলায় ১৩ বছরের কারাদণ্ড দেয়।
২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর দুদক গুলশান থানায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
বৃহস্পতিবার আপিল বিভাগের শুনাতিতে শাহজাহান ওমরের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আজিজ খান ও খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এজে/এইচএ/১৩২০ ঘ.
bdnews24