ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঠানো নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে হুমকি দিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
এর অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে দলের প্রতিবাদ সমাবেশ থেকে দেলোয়ার এ ঘোষণা দেন।
সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিতে গত ২০ এপ্রিল খালেদাকে নোটিশ দেয় সেনানিবাস ভূমি অধিদপ্তর। বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তাকে ১৫ দিনের সময় দেওয়া হয়।
মুক্তাঙ্গনের দলীয় নেতারা ট্রাকে মঞ্চ তৈরি করে সমাবেশ করেন। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে এ সমাবেশে দলীয় নেতা-কর্মীরা সমবেত হয়। ফলে জিরো পয়েন্টমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
দেলোয়ার ওই নোটিশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, "এখনো সময় আছে আমাদের আন্দোলনে যেতে বাধ্য করবেন না। অবৈধভাবে নোটিশ দিয়ে দেশকে অস্থিতিশীল করার পথ পরিহার করুন। খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করতে হলে আদালতে যান। সেখানেই সব কিছু সমাধান হতে পারে।''
সেইসঙ্গে বাড়িটি নিয়ে 'বাড়াবাড়ি' না করতে সরকারকে হুঁশিয়ারও করে দেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ''বাড়াবাড়ি করবেন না। আমাদের খোয়াড়ে ঢুকাতে চাইলে তার পরিণতি ভালো হবে না। ''
দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, সহ-সভাপতি এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল মইন খান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২০ঘ.
bdnews24