কর্মসূচির দায় সরকারকে বহন করতে হবে: বিএনপি
আবারও খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ প্রত্যাহারের দাবি করে বিএনপি বলেছে লিজ বাতিল করা হলে যে কর্মসূচি দেওয়া হবে, তার দায় সরকারকে বহন করতে হবে।
ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ প্রত্যাহারের দাবি করে বিএনপি বলেছে লিজ বাতিল করা হলে যে কর্মসূচি দেওয়া হবে, তার দায় সরকারকে বহন করতে হবে।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ হুঁশিয়ারি দেন।
দেলোয়ার বলেন, ''এ নিয়ে প্রতিহিংসার বশে আওয়ামী লীগ যা করছে তাতে দেশ অস্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। এটা বন্ধ করুন।''
মন্ত্রীসভা শর্তভঙ্গের অভিযোগ ও আইনগত ত্র"টির কথা বলে ৬ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিলের পর থেকেই বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে আসছে।
বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,''বাড়ি নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমাদেরকে বিশৃঙ্খলার পথে ঠেলে দেবেন না। আমরা চাই আপনাদের সহযোগিতা করতে। নির্বাচনের আগে দেশের মানুষকে যেসব অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন করুন। প্রতিহিংসার পথ পরিহার করুন।''
নোটিশটির আইনগত কোনো ভিত্তি নেই বলে আবারও দাবি করে দেলোয়ার বলেন, "ক্যান্টনমেন্টের ৬ নং বাসাটি রাষ্ট্র খালেদা জিয়াকে লিজ বরাদ্দ দিয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়।"
তিনি বিডিআর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও পুনরুল্লেখ করেন।
প্রতিবাদ সমাবেশে ছাত্র দলের সহস্রাধিক নেতা-কর্মী যোগ দেন।
বুধবার বিকালে মুক্তাঙ্গনে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে।
আজিজুল বারী হেলালের সভাপতিত্বে সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, এম ইলিয়াস আলী, সেলিম রেজা হাবিব, হাবিবুল ইসলাম হাবিব, খায়রুল কবির খোকন,নাজিম উদ্দিন আলম, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সিনিয়র সহসভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৬ঘ.
