২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়তে তৈরি হলেও আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিএনপি

বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বিষয়ে আদালতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের বিষয়ে আদালতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তার দল। মঙ্গলবার বিকালে মতিঝিলে তার চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এ তথ্য জানান। বিএনপি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি জানালেও মওদুদ এসময় একইসঙ্গে বলেন, "বাড়িটির বরাদ্দ বাতিল করতে হলে সরকারকে প্রথমে আদালতে গিয়ে তা প্রতিষ্ঠা করতে হবে।" নোটিশটির কোনো আইনগত ভিত্তি না থাকার দলীয় দাবি পুনর্ব্যক্ত করেন মওদুদ। শহীদ মইনুল সড়কের ৬ নং বাসাটি দু'সপ্তাহের মধ্যে ছেড়ে দিতে সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন দপ্তরের চিঠি সোমবার খালেদা জিয়াকে পৌঁছে দেওয়া হয়। মওদুদ বলেন,'' নোটিশটির আইনগত ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসায় সরকার এটি করেছে।" সরকারকে আদালতে গিয়ে দাবি প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, "এরপর একটি উচ্ছেদ মামলাও সরকারকে করতে হবে।...আমরা সেই অপেক্ষায় আছি। আদালতে এ বিষয়ে আমরা মোকাবেলা করব।'' তিনি নোটিশের বিভিন্ন 'ত্র"টিও' তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, "খালেদা জিয়া সেই বাড়িতে থেকে রাজনীতি করছেন, এ কথা সঠিক নয়।" ব্রিফিংয়ে বিএনপির সাংসদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনও উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে বিএনপির আরেক জ্যেষ্ঠ আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি টি এইচ খান সাংবাদিকদের জানান, আগামী রোববার নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হবে। এ ব্যাপারে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন,'' দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সরকার কি করে তা আমরা দেখছি। আদালতে যাওয়া না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। টি এইচ খান সাহেবের এটি ব্যক্তিগত মত হতে পারে, দলীয় নয়।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২৭ঘ.