২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগমন্ত্রীর গাড়ি: প্রাক্তন সচিবের দায় অস্বীকার

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জন্য বিলাসবহুল গাড়ি কেনার অনুমোদন দেওয়ার কথা অস্বীকার করেছেন ওই মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব) ইকবাল মাহমুদ। তিনি সোমবার বলেন, "আমি গাড়ি কেনার বিষয়টি জানলেও প্রস্তাবটি অনুমোদন করিনি। কারণ যখন অনুমোদন দেওয়া হয় তখন আমি দেশে ছিলাম না, ছিলাম বিদেশে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জন্য বিলাসবহুল গাড়ি কেনার অনুমোদন দেওয়ার কথা অস্বীকার করেছেন ওই মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব) ইকবাল মাহমুদ। তিনি সোমবার বলেন, "আমি গাড়ি কেনার বিষয়টি জানলেও প্রস্তাবটি অনুমোদন করিনি। কারণ যখন অনুমোদন দেওয়া হয় তখন আমি দেশে ছিলাম না, ছিলাম বিদেশে।" মন্ত্রীর জন্য বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগ প্রসঙ্গে সংসদীয় কমিটিতে তাকে তলব করার বিষয়ে জানতে চাইলে সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদীয় কমিটিতে ডাকা হলে আমি অবশ্যই যাবো। কারণ একজন সরকারি কর্মকর্তা হিসেবে সব কাজের জন্য আমার জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। জবাব চাইলে কমিটিতে গিয়েই এর জবাব দেবো। তবে অনুমোদন আমি করিনি।" মন্ত্রীর জন্য গাড়ি কেনার প্রস্তাব সংক্রান্ত একটি ফাইল তার কাছে এসেছিল একথা স্বীকার করে ইকবাল মাহমুদ বলেন, "কিন্তু আমি তা অনুমোদন না করেই বিদেশে যাই। আর এর মধ্যেই ফাইলটি অনুমোদন করা হয়।" মন্ত্রী সৈয়দ আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার জন্য একটি বিলাসবহুল গাড়ি কেনার প্রস্তাব তৈরি করা হয়। প্রস্তাবটি মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ১৮ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞাপনে এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। একইদিন দরপত্র বাক্সও খোলার কথা ছিল। এ ব্যাপারে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে গত রোববার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে বলা হয় যোগাযোগ সচিব এএসএম আলী কবীর ও তার পূর্ববর্তী সচিব ইকবাল মাহমুদ বিষয়টি অনুমোদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে কমিটির আগামী সভায় প্রাক্তন সচিব ইকবাল মাহমুদকে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১৪১ ঘ.