২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে তদন্তকারী, প্রসিকিউটর নিয়োগ সোমবার

স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী ও প্রসিকিউটরদের নাম ঘোষণা করবে। রোববার সন্ধ্যায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী ও প্রসিকিউটরদের নাম ঘোষণা করবে। রোববার সন্ধ্যায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ এ কথা জানান। তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেলের সদস্য চূড়ান্ত করতে সন্ধ্যা সোয়া ছয়টায় এ বৈঠক বসে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ যুদ্ধাপরাধ বিষয়ক সরকারি কমিটির অন্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন। রাত আটটায় বৈঠক মুলতবি করা হয়। সোমবার আবার বৈঠক বসবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "পাঁচ থেকে সাত জন তদন্তকারী এবং তিন থেকে পাঁচ জন প্রসিকিউটর নিয়োগ করা হবে।" তিনি আরো জানান, দেশে যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তার সাবেক বা বর্তমান সদস্যদের মধ্য থেকে এই তদন্ত দলের সদস্য নির্বাচন করা হবে। কিসের ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে জানতে চাইলে তানজিম আহমেদ বলেন, "এক্ষেত্রে তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা এবং যোগ্যতা ইত্যাদি বিষয় আমরা বিবেচনা করবো।" আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহীম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল এবং আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও আনিসুল হক। এর আগে সকালে আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে সোমবার তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে।" বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, "আগামী সোমবাবের মধ্যে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউ/ওএফ/আরএএইচ/এইচএ/২২৩০ঘ.