ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেবে বিএনপি। শনিবার এক প্রতিবাদ সমাবেশে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান।
খোন্দকার দেলোয়ার বাড়িটি নিয়ে সরকার ও আওয়ামী লীগকে 'রাস্তা উত্তপ্ত' না করার আহবান জানিয়ে বলেন,''এ ইস্যুতে রাস্তা গরম করে দেশকে আর অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেবেন না। ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিলের বিষয়টি আইনসম্মত হয়েছে কিনা, আদালতে রায় যা হবে, তা আমরা মেনে নেব। আপনারাও বলুন, আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন।''
বিএনপি ও তার সর্মথক সংগঠনগুলো সরকারের ওই বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে লিজ বাতিলের প্রতিবাদে এ সমাবেশ হয়। এতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে তাঁতী দলের নেতা-কর্মীরা সমবেত হন।
দেলোয়ার সরকারের 'আচরণে' ক্ষোভ প্রকাশ করে বলেন,''দেশে সমস্যার অন্ত নেই। বিদ্যুৎ ও খাবার পানি সঙ্কট, কর্মসংস্থান, প্রবাসী জনশক্তির দেশে ফিরে আসা, বিনিয়োগ হ্রাস, অর্থনৈতিক মন্দা প্রভৃতি নানা সমস্যা রয়েছে। অথচ সরকার সেসব সমস্যা সমাধান না করে খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে।"
সরকারের ১০০ দিনে তারা কোনো সাফল্য দেখেন না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন,'' তাদের বড় ব্যর্থতা বিডিআর এর ঘটনা। এখনো তদন্ত কমিটির প্রতিবেদন দিতে পারেনি। বরং তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক সরকারের মন্ত্রীরা নানা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছেন।''
খালেদার সেনানিবাসের বাড়ির লিজ সর্ম্পকে দেলোয়ার বলেন, দ্বিতীয় সংসদে সব দলের আলোচনার পর জিয়ার বিধবা স্ত্রী ও সন্তানদের বাড়িটি সে সময়ের সরকার 'চিরস্থায়ী লিজ' দেন। খালেদা জিয়া 'শহীদ' জিয়ার স্মৃতিবিজড়িত ওই বাড়িটিতে স্বত্ত্ব নিয়ে বসবাস করছেন।
তিনি আবারো দাবি করেন, খালেদা জিয়া 'রাইট অব ওনারশীপ' নিয়ে সেখানে আছেন। মন্ত্রিসভার লিজ বাতিলের সিদ্ধান্তটি ভুল। দেলোয়ার মন্তব্য করেন, সরকারের উচিত আদালতে গিয়ে তার ফয়সালা করা।
সরকারকে সহযোগিতা করার ব্যাপারে তার দলের আগ্রহের কথাও পুনরুল্লেখ করেন দেলোয়ার।
আইনসিদ্ধভাবে হয়নি এ যুক্তি দিয়ে গত ৮ এপ্রিল মন্ত্রিসভা খালেদা জিয়ার নামে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়িটির লিজ বাতিল করে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সেনা অভ্যূত্থানে নিহত হওয়ার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ৯ বিঘা আয়তনের ওই বাড়ি এবং গুলশানে একটি বাড়ি দীর্ঘস্থায়ী লিজ দেওয়া হয়।
তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন তাঁতী দলের সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, জাহাঙ্গীর আলম মিন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, ছাত্র দলের সহসভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৩ঘ.
bdnews24