ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, "জনগণ সুযোগ পেলেই জবাব দিয়ে দেবে।"
তিনি বলেন, "আমাদের সময়টা মসৃণ নয়। এর মধ্য দিয়েই এগিয়ে যেতে হচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। ভোগের ইতিহাস নয়।"
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর বাঙলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, "যারা ক্ষমতাকে ব্যবহার করে ভোগ করতে চায়, তাদের কী হয় এই নির্বাচনেই তা দেখা গেছে।"
প্রধানমন্ত্রী বিদ্যুত ও পানির সমস্যা সমাধানে তার সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করে এ ব্যাপারে আরো সময় চান।
এ প্রসঙ্গে তিনি বলেন, "সমস্যা অনেক। মানুষ কিসে কষ্ট পাচ্ছে, তা আমাদের জানা আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। চাইলেই বিদ্যুত সমস্যার সমাধান সম্ভব নয়। বিদ্যুত উৎপাদন করতে হবে। গ্রিড লাইন বাড়াতে হবে। এজন্য আমাদের সময় দিতে হবে।"
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত সাত বছরে বিদ্যুত উৎপাদন বাড়েনি। যারা ক্ষমতায় ছিলো তারা কী করেছে ? মানুষের চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদা পূরণের ব্যবস্থা হয়নি।
বিরাজমান সমস্যা সমাধানে নিজ দলের নেতা-কর্মীদের সহায়তা চেয়ে তিনি বলেন, জনগনের পাশে দাড়াতে হবে। সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
নবম জাতীয় সংসদ নির্বাচনকে 'বিপ্লব' আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, "জনগণের বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। জনগণের জন্য এমন একটা সমাজ গড়তে হবে, যেখানে ধনী-গরীবের পার্থক্য থাকবে না।"
শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূর এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল অনুষ্ঠান পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৪০ঘ.
bdnews24