২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়: দখলের উপর স্থিতাবস্থার আদেশ আদালতের

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দখলের উপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। এই আদেশের ফলে নয়া পল্টনের ৩৫/সি ভবনে বিএনপির দলীয় কার্যক্রম চালাতে আপাতত কোনো আইনগত বাধা রইলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের দখলের উপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে আদালত। এই আদেশের ফলে নয়া পল্টনের ৩৫/সি ভবনে বিএনপির দলীয় কার্যক্রম চালাতে আপাতত কোনো আইনগত বাধা রইলো না। বৃহস্পতিবার ঢাকার যুগ্ম জেলা জজ মামুনুর রশীদ এ আদেশ দেন। ওই আদেশে উভয় পক্ষকে ওই ভবনের দখল বিষয়ে যার যার অবস্থানে থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে বিবাদিপক্ষকে কারণ দর্শাতে বলেছে আদালত। ২০০১ সালে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩৫/সি নয়া পল্টনস্থ ভবনের কথিত মালিক দাবীদার ফজলুল হক ভূইয়াসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত ওই ভবন থেকে যেন বিবাদিরা তাদের উচ্ছেদ করতে না পারেন সে জন্য বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ভবনটির দখল বিষয়ে দুই পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এ ভবনটি বর্তমানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দখলে রয়েছে। ২৩ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারন করা হয়েছে বলে বাদিপক্ষের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২১৫০ ঘ.