২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনানিবাসের বাড়ি ছেড়ে দিয়ে নিজের সস্মান রক্ষা করুন: আ'লীগ

মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত কার্যকর করার আগেই সেনানিবাসের বাড়ি ছেড়ে দিয়ে নিজের সস্মান রক্ষা করার জন্য আওয়ামী লীগ নেতারা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত কার্যকর করার আগেই সেনানিবাসের বাড়ি ছেড়ে দিয়ে নিজের সস্মান রক্ষা করার জন্য আওয়ামী লীগ নেতারা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার দাবিতে বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নীতি নির্ধারকরা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, "মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত কার্যকর করার আগেই সেনানিবাসের বাড়িটি ছেড়ে দিন। আপনার সস্মান আপনি রক্ষা করুন।" একই সঙ্গে বিএনপি নেতাদের উদ্দেশে তারা বলেন, "খালেদা জিয়ার বাড়ি নিয়ে রাজনৈতিক ইস্যূ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। জনগণ তা মেনে নেবে না।" রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেয়। মুক্তাঙ্গন ছাড়িয়ে সমাবেশটি নূর হোসেন স্কোয়ার পর্যন্ত বিস্তৃত হয়। সমাবেশ চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। সমাবেশে সব বক্তাই বলেন, সরকারি সিদ্ধান্ত মানতেই হবে, খালেদাকে সেনানিবাসের বাড়ি ছাড়তেই হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "অবৈধভাবে সেনানিবাসের বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। মন্ত্রিসভা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি চ্যালেঞ্জ ছূঁড়ে দিয়ে বলেন, "আমরাও আদালতের রায় মেনে নেব।" আবদুর রাজ্জাক বলেন, "বেআইনীভাবে দখলে রাখা বাড়িটি অবশ্যই খালেদা জিয়াকে ছাড়তে হবে। আইনগতভাবে তাকে গুলশানের বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেনানিবাসের বাড়িটি বেআইনীভাবে বরাদ্দ দেওয়া হয়। তাই মন্ত্রিপরিষদ বরাদ্দ বাতিল করে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।" টালবাহানা না করে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "বিএনপি সরকার শেখ রেহানাকে দেওয়া বাড়িটি বাতিল করে সেখানে ধানমণ্ডি থানা স্থাপন করে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই থানার উদ্বোধন করেন।" আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আবদুল জলিল বলেন, "সরকারের সিদ্ধান্তকে ভুল ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ হবে না। খালেদা জিয়াকে বাড়ি ছাড়তেই হবে। কোনো হুমকি-ধামকি দিয়ে লাভ হবে না।" কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "কয়েকদিন ধরে বিএনপি মামার বাড়ির আবদার করছে। অবৈধভাবে দেওয়া ইজারা মন্ত্রিপরিষদ বাতিল করেছে। তারা নির্বাচনের সময় শ্লোগান দিয়েছে 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও'। আর এখন শ্লোগান দিচ্ছে 'বাড়ি বাঁচাও' বলে।" তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, সেনানিবাসের মতো একটি 'পবিত্র' স্থানে বসে খালেদা জিয়ার 'গুনধর' দুই পুত্র অর্থ পাচারসহ নানা দূর্নীতি করেছে। এ বিষয়টি নিয়ে আপনাদের একটু ভাবতে হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "সরকারি সিদ্ধান্ত মানুন। বাড়িটি ছেড়ে দিন।" তিনি বলেন, "বাড়ি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। বাড়ি নিয়ে দেশে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। যে কোনো বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।" মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মিজানুর রহমান খান দীপু, ইলিয়াস উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান খান কামাল, আসলামুল হক আসলাম, নাজমা আকতার, অপু উকিল, সাহিদা তারিক দিপ্তী, ফয়েজ উদ্দিন মিয়া, মুুকুল চৌধুরী, হাজী সেলিম প্রমুখ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমাবেশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/টিআর/০১০০ ঘ.