২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি কর্মীদের হামলায় আ. লীগের সাতজন আহত

বগুড়ায় উপ-নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকালে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা। হামলায় চার মহিলাসহ আওয়ামী লীগের সাতজন আহত হয়েছেন। এ সময় বিএনপির এক কর্মীও আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বগুড়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় উপ-নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকালে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা। হামলায় চার মহিলাসহ আওয়ামী লীগের সাতজন আহত হয়েছেন। এ সময় বিএনপির এক কর্মীও আহত হন। গাবতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের ক্ষিরাপাড়া গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। আর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম আযম খান অভিযোগ করেন, নেপালতলী ইউনিয়নের এম রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থীর চেয়ে বেশি ভোট পাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘর ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তিনি। আহতরা হলেন- নেপালতলী ইউনিয়নের ক্ষিরাপাড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক আব্দুস সাত্তারের স্ত্রী ফিন্নি বেগম (৪৫), দেলওয়ারের স্ত্রী জাহানারা (৫০), সাহিদা বগম (৫০), আহম্মদের ছেলে দেলওয়ার (৪৮), আব্দুর রশিদের ছেলে শাহিন (২৮), বাদশা (৪০), কাশেমের ছেলে মোকলেছার (৪৯) এবং ছহির উদ্দিনের ছেলে বিএনপির কর্মী নায়েব আলী (৪৫)। এদের গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার দুটি সংসদীয় আসনে উপনির্বাচনে বিএনপির মওদুদ আহমেদ ও জমির উদ্দিন সরকার বিজয়ী হন। বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুস্তফা আলম বিএনপির মওদুদের কাছে হেরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৪ ঘ.