ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের পুনর্গঠনে করণীয় ঠিক করতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সোমবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে রাত ৮টা ১০ এ বৈঠক শুরু হয়ে তা রাত সোয়া ১১টায় শেষ হয়েছে বলে দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বৈঠক শুরুর পর পর সাংবাদিকদের জানান, সাংগঠনিক কমিটির প্রতিবেদন স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ধারাবাহিক এ প্রক্রিয়ার পর প্রচারমাধ্যমকে দলের সিদ্ধান্ত জানানো হবে।
নজরুল ইসলাম খান এর কিছু আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৈঠক শুরুর কথা জানান। তিনি তখন জানান, চেয়ারপার্সন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
রোববারও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে দলের পুনর্গঠনের জন্য যুগ্ম মহাসচিবদের নিয়ে গঠিত ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ইতিমধ্যে প্রতিবেদনগুলো খালেদা জিয়ার কাছে জমা দেওয়া হয়েছে।
রোববারের স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম বিভাগের কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৩৬ঘ.
bdnews24