ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের কেন্দ্রীয় সম্মেলন করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে গঠনতন্ত্র সংশোধনের জন্য দলের সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে শনিবার একটি কমিটি গঠন করা হয়েছে।
দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশনের কাছে করা অঙ্গীকার অনুযায়ী আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের কাছে রাজনৈতিক দলগুলোর সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার কথা।
বৈঠকে গঠনতন্ত্র সংশাধনের কমিটি গঠনের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সফরসূচি, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবস পালন ও ১লা বৈশাখ নববর্ষের কর্মসূচি নির্ধারণ করা হয়।
সকাল ১০টা থেকে টানা ৪ ঘণ্টার বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের শর্ত পূরণ ও সময়োপযোগী করতে আমরা দলীয় গঠনতন্ত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।"
ওবায়দুল কাদের বলেন, দলীয় ঘোষণাপত্র ও গঠনতন্ত্র 'সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য' সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ কমিটির কো-চেয়ারম্যান ও দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুহ-উল-আলম লেনিনকে সদস্য সচিব করা হয়েছে।
এ কমিটি গঠনের মধ্য দিয়েই দলীয় সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
তবে কবে নাগাদ সম্মেলন হবে তার 'টাইম ফ্রেম' চূড়ান্ত হয়নি।
ওবায়দুল কাদের বলেন, "বৈঠকের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, 'আমাদের বিশাল বিজয় মানুষের মাঝে বিশাল প্রত্যাশা সৃষ্টি করেছে। আমাদের দিন বদলের প্রতিশ্র"তি পূরণ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।' এজন্য সরকার ও দলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে পরামর্শ দিয়েছেন।"
শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, "একটি স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগকে হেয় করার চক্রান্তে পিলখানায় হত্যযজ্ঞ ঘটিয়েছে।"
ওবায়দুল কাদের জানান, ১৭ এপ্রিল মুজিব নগর দিবস পালনে সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সভা থেকে পয়লা বৈশাখ ভোর সাড়ে ৬ টায় রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত শোভাযাত্রা এবং কেন্দ্রীয় নেতাদের সারাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা সে সফরের সময়সূচি নির্ধারণ করবেন বলে জানান ওবায়দুল কাদের।
১৭ এপ্রিলের কর্মসূচি
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় ধানমণ্ডির ৩২ নম্বরে এবং সোয়া ৭টায় বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা।
মুজিবনগরে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সোয়া ১০টায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ১০টায় গার্ড অব অনার এবং সাড়ে ১১টায় আলোচনা সভা হবে।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (পরে মুজিবনগর) শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশ সরকারের যাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২০৩৫ঘ.
bdnews24