২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে নিয়ে আওয়ামী লীগের মিথ্যাচার গ্রহণযোগ্যতা পাবে না: দেলোয়ার

জিয়ার 'স্বাধীনতার ঘোষণা' নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারো মিথ্যাচারের অভিযোগ তুলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন মহাসচিব দেলোয়ার হোসেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 07:20 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জিয়ার 'স্বাধীনতার ঘোষণা' নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারো মিথ্যাচারের অভিযোগ তুলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খোন্দকার দেলোয়ার হোসেন। রোববার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন মহাসচিব দেলোয়ার হোসেন । দেলোয়ার বলেন, ''জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে আওয়ামী লীগের মনগড়া কথা ও মিথ্যাচার জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তারা এরকম মিথ্যাচার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।'' সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান নিয়ে আওয়ামী লীগের কথিত কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশ হয়। সমাবেশের পর ছাত্র দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। দেলোয়ার আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,'' ইতিহাসকে বিকৃত করে কোনো লাভ হবে না। ক্ষমতায় গিয়ে এখন আবার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করবেন না। নইলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে।'' জিয়া সম্পর্কে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, '' তাকে এজন্য দেশের মানুষের কাছে একদিন ক্ষমা চাইতে হবে। মন্ত্রিত্ব না পেয়ে তিনি এই মিথ্যাচার করেছেন।'' তিনি প্রশ্ন রাখেন, "জিয়া যদি শেখ সেলিমের ভাষায় স্বাধীনতা যুদ্ধই না করে থাকেন, তা হলে শেখ মুজিবসহ তার সরকার তাকে কেন মুক্তিযুদ্ধের পদক দিয়েছিলেন।'' দেলোয়ার আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর 'সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি' ও তাদের 'দলীয়করণের' কঠোর সমালোচনা করেন। আজিজুল বারী হেলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫৫ঘ.