ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত সংসদীয় তদন্ত কমিটি প্রয়োজনে সাবেক চিফ হুইপ এবং সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগও তদন্ত করবে।
সংসদ ভবনে সোমবার কমিটির প্রথম বৈঠক শেষে চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি 'নিরপেক্ষভাবে' তার কাজ শেষ করবে।
চেয়ারম্যান বলেন, 'প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেলে' তিনি ৩০ এপ্রিল নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
ফজলে রাব্বী বলেন, "কমিটির শর্তানুযায়ী, জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে গিয়ে সাবেক চিফ হুইপ বা সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে আমরা তা তদন্ত করে দেখবো।"
এ প্রসঙ্গে সাবেক চিফ হুইপ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংসদের ক্যাফেটেরিয়া থেকে 'চাঁদা আদায়ের' অভিযোগ থাকার কথা উল্লেখ করেন কমিটি চেয়ারম্যান।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত যে কোন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার এ কমিটির রয়েছে বলে জানান তিনি।
আইন লঙ্ঘন, সরকারি তহবিলের অপচয় এবং স্পিকারের ক্ষমতা অপব্যবহার করে জমিরউদ্দিন সরকার কর্মী নিয়োগ করেছেন কিনা, তা খতিয়ে দেখার জন্য সংসদ সদস্যদের দাবির মুখে গত ১৯ মার্চ স্পিকার আব্দুল হামিদ ১১ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন।
ফজলে রাব্বি বলেন, "নথিপত্রভিত্তিক সাক্ষ্য-প্রমাণে সন্তুষ্ট না হলে স্পিকার ও অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য কমিটি অনুরোধ জানাবে বলে আমরা সম্মত হয়েছি।"
কমিটির বৈঠক আগামী ১২ ও ১৪ এপ্রিল আবার অনুষ্ঠিত হবে। এতে সংসদ সচিবালয়ে কর্মী নিয়োগ এবং স্পিকারের চিকিৎসা তহবিল থেকে জমিরউদ্দিন সরকারের ৪০ লাখ টাকা তুলে নেওয়ার নথিপত্র পর্যালোচনা দেখা হবে বলে কমিটির চেয়ারম্যান জানিয়েছেন।
ফজলে রাব্বী বলেন, "আমরা গণপূর্ত দপ্তরের কর্মকর্তাদের তলব করবো। এই দপ্তরই ঘাস রোপন প্রকল্প ও 'রাজহাঁস পালন' প্রকল্প বাস্তবায়ন করেছে।"
রাব্বী বলেন, "প্রত্যেকটি নথিপত্র খুঁটিয়ে দেখা হবে।"
সংসদ ভবনের সৌন্দর্য বাড়ানোর জন্য 'রাজহাঁস পালন' প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
রাজহাঁস প্রকল্প নিয়ে দুর্নীতির খবর প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
বগুড়া উপনির্বাচনকে প্রভাবিত করার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন কমিটির চেয়ারম্যান। ২ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জমিরউদ্দিন সরকার এতে প্রার্থী হয়েছেন।
কমিটির সদস্য আওয়ামী লীগ সাংসদ শাহজাহান খান বলেন, "জমিরউদ্দিন সরকার দোষী হলে জনসমক্ষে তা প্রকাশ করা হবে। তিনি দোষী না হলে আমরা সেকথাও প্রকাশ করবো।"
এরই মধ্যে বিএনপি জানিয়ে দিয়েছে, কমিটিতে থাকা বিএনপি সদস্যরা বৈঠকে যোগ দেবে না।
কমিটির চেয়ারম্যান এ ব্যাপারে বলেন, "বিএনপির প্রতিনিধি বৈঠকে না এলে আমরা ধরে নেব যে তিনি ও তার দল কমিটিকে সহযোগিতা করছেন না।"
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল এবং আওয়ামী লীগের সাংসদ মোজাহারুল হক প্রধান, আসম ফিরোজ, হাবিবুর রহমান, এসকে বাকের, আব্দুল মান্নান এবং এবিএম আনোয়ারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/টিআর/এসকে/১৯২৯ ঘ.
bdnews24