২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীর জামিন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিককে একটি ফৌজদারি মামলায় দুই মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক সিদ্দিক ও তার স্ত্রী সালেহা সিদ্দিককে একটি ফৌজদারি মামলায় দুই মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জোর করে বিমান বন্দরে ঢোকার অভিযোগে দায়ের করা এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না আগামী তিন সপ্তাহের মধ্যে তার কারণ জানানোর জন্য সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীর আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ব্যারিস্টার রাজ্জাক দম্পতি সকালে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। তাদের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও আজমালুল হোসেন কিউসি। গত ১৯ মার্চ ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী সালেহার বিরুদ্ধে বিমান বন্দর থানায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেন মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রী ১৮ মার্চ রাতে 'সরকারি কাজে বাধা, বল প্রয়োগ ও ভয় দেখিয়ে' কর্তৃপক্ষের অনুমতি ও বহির্গমন সিল ছাড়া বিমান বন্দরে সংরক্ষিত এলাকার বোর্ডিং ব্রিজে প্রবেশ করে অপরাধ করেছেন। গত ১৮ মার্চ রাতে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীকে আটকে দেওয়া হয়। বিদেশ যেতে বাধা দেওয়ায় ব্যারিস্টার আবদুর রাজ্জাক পরদিন সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সোমবার এই মামলায় হাইকোর্ট আদেশ দেবে। এদিকে ব্যারিস্টার রাজ্জাক তার বিরুদ্ধে মামলা দায়েরকারী পুলিশ পরিদর্শক দেওয়ান আবুল হোসেনের বিরুদ্ধে হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। এর ওপরও সোমবার শুনানি হবে। ব্যারিস্টার রাজ্জাক ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার রাজ্জাকের দায়ের করা এ রিট আবেদনটির ওপরও সোমবার শুনানি হবে। এর আগে গত ৮ মার্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে ও ফিরে আসতে বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। গত ৭ মার্চ বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০১৮ঘ.