২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতার হামিদের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে রোববার বিকেলে দুটি মামলা হয়েছে। মহাদেবপুর থানায় মামলা দুটি করেন উপজেলার বাগডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন এবং ফেরদৌস আলম নামে নওগাঁর একজন ঠিকাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নওগাঁ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বিরুদ্ধে রোববার বিকেলে দুটি মামলা হয়েছে। মহাদেবপুর থানায় মামলা দুটি করেন উপজেলার বাগডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন এবং ফেরদৌস আলম নামে নওগাঁর একজন ঠিকাদার। এছাড়া বদলগাছী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস ও ইয়াসিন আলী চাঁদাবাজি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 'রাষ্ট্রবিরোধী' বক্তব্য ও হুমকির অভিযোগে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করার জিডির পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে উপজেলা সদরের বাসভবন থেকে সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ জেলা বিএনপির উপদেষ্টা আখতার হামিদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। একমাসের আটকাদেশ দিয়ে রাতে তাকে পাঠানো হয় নওগাঁ কারাগারে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির মামলা ও জিডি করার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগডোব নিু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াসমিন সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ২০০৫ সালের মে মাসে বাগডোব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে মাসিক সরকারি অনুদানের আওতাভুক্ত (এমপিও) করে দেওয়ার কথা বলে আখতার হামিদ তার কাছ থেকে ওই টাকা নিয়েছেন। কিন্তু বিদ্যালয়টি এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। ঠিকাদার ফেরদৌস আলম অভিযোগ করেছেন- বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ দেওয়ার নাম করে জোট সরকারের বিভিন্ন সময় আখতার হামিদ তার কাছ থেকে আট লাখ টাকা চাঁদা নিয়েছেন। এছাড়া ২০০৪ সালে চার লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে লাঞ্ছিত করার অভিযোগ এনে আখতার হামিদের বিরুদ্ধে জিডি করেছেন বদলগাছী থানার সাবেক ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। একই থানার আরেক সাবেক ওসি ইয়াছিন আলী জিডিতে অভিযোগ করেন, ২০০৫ সালে তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে তাকে লাঞ্ছিত করেছিলেন আখতার হামিদ। বদলগাছী থানার এ সাবেক দুই ওসি বর্তমানে কোথায় কর্মরত তা জানাননি মহাদেবপুর থানার ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.