২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের অনিয়ম তদন্ত কমিটিতে থাকবে না বিএনপি

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া বিএনপি নেতা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করাকে ' অস্বাভাবিক' অ্যাখ্যা দিয়ে তার আটকাদেশ বাতিলের দাবি জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের অনিয়ম তদন্তে গঠিত সংসদীয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া বিএনপি নেতা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করাকে ' অস্বাভাবিক' অ্যাখ্যা দিয়ে তার আটকাদেশ বাতিলের দাবি জানিয়েছে। আখতার হামিদ সিদ্দিকীকে কথিত রাষ্ট্রবিরোধী বক্তব্য ও পুুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এসব কথা জানান। তিনি বলেন,'' বিএনপি মনে করে, বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রান করতেই এরূপ কথিত তদন্ত কমিটি ও গ্রেপ্তার-আটকাদেশ দেওয়া হচ্ছে। সাবেক স্পিকারের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি সুষ্ঠুভাবে কাজ করবে না বলেই বিএনপি এতে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সদস্য তালিকা দেখে মনে হয়েছে, এটি তদন্তের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। উপনির্বাচনে প্রভাব বিস্তার করতেই এটা করা হয়েছে।'' আখতার হামিদ সিদ্দিকীকে 'কোনো তদন্ত ছাড়া' পুলিশের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে আটকাদেশ দেওয়ার ঘটনাকে 'অস্বাভাবিক ও নিন্দনীয়' আখ্যা দেন বিএনপি নেতা। নজরুল ইসলাম খান বলেন, "সাবেক ডেপুটি স্পিকার বলেছেন, তিনি কাউকে হুমকি দেননি। অথচ গণতান্ত্রিক সরকারের কাছে তার বক্তব্যের চেয়ে পুলিশের বক্তব্য বড় হয়ে গেছে। এটা একটি মন্দ দৃষ্টান্ত।" তিনি বলেন, বিএনপি মনে করে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীকে 'হয়রানি ও অপমান' করতেই সরকার এই পথ বেছে নিয়েছে। সরকারের এহেন কর্মকাণ্ড দেশের জনগন কোনো ভাবেই মেনে নেবে না। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একযোগে ১২০ জন কর্মকর্তা-কর্মচারিকে বদলির আদেশে ক্ষোভ প্রকাশ করেন। নজরুল ইসলাম খান বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি বন্ধ, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের থেকে বিরত থাকতে সরকারকে আহবান জানান। সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক সাবেক স্পিকারের বিরুদ্ধে সরকারি দলের সদস্যের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের সমালোচনা করে বলেন, ''এ ধরনের কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত হবে না। আমরা তদন্ত কমিটিতে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। যারা অভিযোগকারী তাদের নিয়ে গঠিত এই কমিটি একটি 'অদ্ভূত' কমিটি বলেই আমাদের কাছে মনে হচ্ছে।'' এছাড়া '৭২ সাল থেকে এ পর্যন্ত সব স্পিকারের কর্মকাণ্ড তদন্তের দাবি বর্তমান স্পিকার বিবেচনায় না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে সাবেক ডেপুটি স্পিকারের স্ত্রী নাসরিন সিদ্দিকী ও তার ছেলে মেয়ে, সাবেক সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, অরুন মেহেদি, হাবিবুল ইসলাম হাবিব, নির্বাচিত মহিলা সাংসদ সাম্মী আখতার, সাবেক ছাত্র দল নেতা হাবিবউন নবী খান সোহেল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/এইচএ/১৯০৮ঘ.