২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক বিনিয়োগ জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে: মুহিত

দেশে অনেক বিনিয়োগ আছে যা সরাসরি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে থাকে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 08:59 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অনেক বিনিয়োগ আছে যা সরাসরি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে থাকে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার দুপুরে সচিবালয়ে পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের দেশে অনেক বিনিয়োগ আছে যা সরাসরি জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে থাকে।" অর্থমন্ত্রী বলেন, "এসব বিনিয়োগের বিষয়ে সরকার ভালভাবে খতিয়ে দেখবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদের অর্থায়নের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমাজ কল্যাণমন্ত্রী মুজাহিদের সময়ে অনেক নতুন এনজিওকে অনুমোদন দেওয়া হয়েছে। ওই সময়ে অনুমোদন পাওয়া এনজিওগুলো জঙ্গিবাদকে অর্থায়ন করে পৃষ্ঠপোষকতা করছে কিনা- সে বিষয়টিও ভালভাবে খতিয়ে দেখা হবে।" মন্ত্রী বলেন, "বিগত তত্ত্ববধায়ক সরকারের সময় জঙ্গিদের অর্থায়ন বন্ধ করার জন্য সন্ত্রাস দমন ও মানিলন্ডারিং আইন করা হয়েছিল। আমাদের সরকার ওই আইনকে সামনে রেখে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/১৪৫৪ ঘ.