২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির বৈঠক চলছে

চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি মঙ্গলবার বৈঠকে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি মঙ্গলবার বৈঠকে বসেছে। বৈঠকস্থল থেকে সুমন মাহমুদ জানান, গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ৫০ এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক আছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন।'' বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে জানান, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী শুক্রবার কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন। তার লিখিত জবাব স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত হবে। চৌধুরী তানভীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমার নেত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার সম্পর্কে ইরাদ যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন ও অসত্য। এতে আমি মর্মাহত। এ রকম বক্তব্যে আমার দলের ভাবমূর্তি দারুণভাবে নষ্ট হয়েছে। ছেলের বক্তব্যে আমি মর্মাহত ও এর তীব্র নিন্দা জানিয়েছি। দলের কারণ দর্শানো নোটিশের জবাবে আমি বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করেছি।'' গত সোমবার চৌধুরী তানভীরের বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী এক সংবাদ ব্রিফিংয়ে নিজেকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করে অভিযোগ করেন, খালেদা জিয়া এই নির্বাচনের জন্য তার কাছে টাকা চেয়েছেন। একইসঙ্গে বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধেও দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ তোলেন ইরাদ। আওয়ামী লীগ নেতা ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন তিনি। এরকম অভিযোগের পর বিএনপির শীর্ষ পর্যায়সহ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চৌধুরী তানভীর ও ইরাদের কুশপুত্তলিকা দাহসহ তানভীরের বহিষ্কার দাবি করে বিক্ষুব্ধ কর্মীরা। গত ১০ মার্চ খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- সে জন্য ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের স্থায়ী কমিটিতে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীও একজন সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/এসকে/২০১৪ ঘ.