ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনের উপ নির্বাচনে তার চাচাতো ভাই আওয়ামী লীগ প্রার্থী শেখ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিকাল পাঁচ টায় রিটার্নিং কর্মকর্তা ও উপ-নির্বাচন কমিশনার মো. মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, " শেখ হেলাল উদ্দীন একমাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে বুধবার নির্বাচন কমিশনে এ বিষয়ে কাগজপত্র পাঠানো হবে।"
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হেলাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ২ এপ্রিল অপর ছয়টি আসনে উপ নির্বাচনে বিজয়ীদের নামসহ একসঙ্গে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
গত ৯ মার্চ বাগেরহাট-১ আসনে শেখ হেলালউদ্দিনসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১১ মার্চ বাছাইয়ে শেখ হেলাল ছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম ওবায়দুর রহমান ও বিএনপির প্রার্থী এম রহমান সজলের মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও কেউই আপিল করেননি।
হেলালের বাবা শেখ নাসের রহমান ১৯৭৫ এর ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বরে বড়ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন।
এদিকে, গত ৯ মার্চ সাত সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
১১ মার্চ মনোনয়ন বাছাইয়ের দিনে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মোতাহারুল হক বাবলু, নূর আলম মিয়া ও হায়দার রহমান মিয়া আপিল করেন। সোমবার নির্বাচন কমিশন আপিল শুনানিকালে তাদের আবেদন খারিজ করে দেয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের ছেড়ে দেওয়া মোট ৭টি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ২ এপ্রিল।
আসনগুলো হলো- শেখ হাসিনার ছেড়ে দেওয়া বাগেরহাট-১ ও রংপুর ৬ আসন, খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া-৬ ও ৭ আসন, এইচ এম এরশাদের ছেড়ে দেওয়া রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ আসন এবং মো.জিল্লুর রহমানের কিশোরগঞ্জ-৬ আসন।
বর্তমানে বাগেরহাট-১ ছাড়া ছয় সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী প্রচারণার সময় মন্ত্রী পদমর্যাদার কেউ এসব নির্বাচনী এলাকা সফর না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী ও স্পিকারকে চিঠি দিয়েছেন সিইসি। মঙ্গলবার বিরোধী দলীয় নেতাকেও চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এইচএ/১৮০০ঘ.
bdnews24