ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ফৌজদারি মামলায় জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে দু'মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না, সে ব্যাপারে দু'সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে।
সন্তু লারমার আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
গত ২৫ ফেব্র"য়ারি পার্বত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দ্র শেখর চাকমা রাঙ্গামাটি কোতয়ালী থানায় সন্তু লারমাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সন্তু লারমাসহ ১৫ জনকেই দু'মাসের আগাম জামিন দিয়েছে আদালত।
মামলায় তাদের বিরুদ্ধে চন্দ্র শেখরকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।
সন্তু লারমার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমডি/টিআর/এইচএ/১৭৩৮ ঘ.
bdnews24