২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বটমূলে হামলা মামলার অভিযোগ গঠন ২৩ মার্চ

আগামী ২৩ মার্চ হরকাতুল জিহাদের আসামী নেতাকর্মীদের বলতে হবে তারা রমনা বটমূলের বোমা হামলার দুই মামলায় দোষী না নির্দোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৩ মার্চ হরকাতুল জিহাদের আসামী নেতাকর্মীদের বলতে হবে তারা রমনা বটমূলের বোমা হামলার দুই মামলায় দোষী না নির্দোষ। ওইদিন হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানসহ ১৪ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে। সন্দেহভাজনদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হলে তাদেরকে আদালতের সামনে দোষ স্বীকার আ অস্বীকার করতে হবে না। দোষী বললে শুরু হয়ে যাবে শাস্তি। আর নির্দোষ বললে শুরু হবে বিচার, সাক্ষ্যগ্রহণ। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরণের এ মামলা দুটি করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বশির উল্লাহ মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি গ্রহণ শেষ করে ২৩ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন বলে জানান। শুনানির সময় কারাগার থেকে মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাৎ উল্লাহ জুয়েল, মাওলানা আব্দুর রউফ, হাফেজ মাওলানা আবু তাহেরকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন আদালতে হাজিরা দেন। হত্যা ও বিস্ফোরণের এ দুই মামলার বাকি ৮ আসামি পলাতক রয়েছেন। উপস্থিত ছয় আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এ দুই মামলার পলাতক আসামিরা হচ্ছেন- মাওলানা মো. তাজউদ্দিন, মাওলানা সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলনা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আ. হাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৭৪৭ঘ.