২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র কামরানকে বোমা মেরে হত্যার হুমকি

সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, তাকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে একটি মোবাইল ফোন ম্যাসেজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 06:13 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

সিলেট, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, তাকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে একটি মোবাইল ফোন ম্যাসেজে। তবে পুলিশ বলছে, মেয়রকে হত্যার হুমকি দেওয়া হয়নি। বোমা মেরে সিলেটের বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরও তার ও বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় নানা ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি সম্বলিত ম্যাসেজটি পান বলে মেয়র জানান। মোবাইল অপারেটর বাংলালিংকের একটি নম্বর (০১৯১৩৯৪৬৫১৫) থেকে ম্যাসেজটি এসেছে। ম্যাসেজে প্রেরকের নাম উল্লেখ ছিল না। বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত ৮টা ১১ মিনিটে আমার মোবাইল ফোনে মেসেজটি আসে। বুধবার সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে জেগে আমি মেসেজটি দেখতে পাই।" মেয়র আরও বলেন, বুধবারের কোনো এক সময় তাকে বোমা মেরে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় ওই ম্যাসেজে। এরপরই তিনি সিলেট কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নম্বর ৮৭৪)। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র কামরান ও সিলেটের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বেলা পৌনে তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার হুমকির কথা জানিয়ে মেয়র কামরান থানায় সাধারণ ডায়েরি করেছেন। এরপর সিলেট নগরীর সর্বত্র চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আদালতপাড়াসহ সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেয়র কামরানের বাসা ও অফিসের নিরাপত্তা জোরদার করার ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মেয়র কামরানের মোবাইল ফোনে ম্যাসেজ এলেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়া হয়েছে বোমা মেরে সিলেটের বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার।" এর আগেও বিভিন্ন সময় চিঠি দিয়ে মেয়র কামরানকে হত্যার হুমকি দেওয়া হয়। দু'দফা গ্রেনেড হামলাও চালানো হয় তাঁর ওপর। ২০০৪ সালের ৭ আগস্ট মহানগর আওয়ামী লীগের সভা শেষ হওয়ার সময় সিলেট নগরীর তালতলা এলাকার গুলশান সেন্টারের সামনে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ২০০৫ সালের ২ ডিসেম্বর সন্ধ্যার পর টিলাগড়ে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে দু'টি গ্রেনেড ছোড়া হয়। গ্রেনেড দু'টি বিস্ফোরিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৪৭ ঘ.