ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
এই ৩৬ জনের মধ্যে রয়েছেন বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তা মেজর মাহমুদুল হাসান স্বপনের মা মমতাজ বেগম এবং মেজর গাজ্জালী দস্তগীরের শ্বাশুড়ি ফরিদা রহমান হীরা।
আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বিকালে এই ৩৬ জনের নাম ঘোষণা করেন দলের উপ-দপ্তর সম্পাদক ও সাংসদ বিএম মোজাম্মেল হক।
এসময় বি এম মোজাম্মেল হক মনোনয়ন না পাওয়াদের উদ্দেশে বলেন, "যাদের মনোনয়ন দেওয়া যায়নি তাদের যোগ্যতা অনুযায়ী সম্মানিত করা হবে, দায়িত্ব দেওয়া হবে বলে কথা দিয়েছেন আমাদের সভানেত্রী।"
৭৮৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জানিয়ে মোজাম্মেল হক বলেন, " আমাদের সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হচ্ছে না। পার্লামেন্টারি বোর্ড ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে।"
ঢাকা থেকে মনোনয়ন পেয়েছেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশারফ, জাহানারা বেগম, ওয়ার্ড কমিশনার শাহিদা তারেখ দিপ্তী, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাফিয়া খাতুন ও সাবেক ওয়াড কমিশনার আসমা জেরীন ঝুমু, মানিকগঞ্জ থেকে মমতাজ বেগম , টাঙ্গাইল থেকে আইনজীবী ও নাট্যব্যক্তিত্ব তারানা হালিম , নোয়াখালী থেকে আইনজীবী ড. শিরীন শারমিন চৌধুরী , মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুন নাহার লাইলী, এবং গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের স্ত্রী রুবী রহমান, কুমিল্লা থেকে জোবেদা খাতুন (পারুল) ও ন্যাপের মোজাফ্ফর আহমেদের স্ত্রী আমেনা আহমেদ, চট্টগ্রাম থেকে চেমন আরা তৈয়ব, কক্সবাজার থেকে এথিনব রাখাইন, নড়াইল থেকে ফরিদা রহমান, খুলনা ও বাগেরহাট থেকে নূর আফরোজ আলী, ঝিনাইদহ থেকে নূর জাহান বেগম, নীলফামারী থেকে সাবেক সাংসদ ড. হামিদা বানু শোভা, দিনাজপুর থেকে সুলতানা বুলবুল, ফরিদপুর থেকে সালেহা মোশাররফ, যশোর ও কুষ্টিয়া থেকে মহিলা আওয়ামী লীগ নেত্রী ও নিহত জাসদ নেতা কাজী আরেফের স্ত্রী রওশন জাহান সাথী, সিলেট থেকে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ জেবুন্নেসা হক, জামালপুর থেকে সংরক্ষিত মহিলা আসনে সাবেক সাংসদ তহুরা আলী, নওগাঁ থেকে সংরক্ষিত মহিলা আসনে সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, বাগেরহাট থেকে যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, নেত্রকোনা থেকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, জয়পুরহাট থেকে মাহফুজা রহমান রিমা, পিরোজপুর থেকে আওয়ামী লীগ নেতা প্রয়াত শুধাংশু শেখর হালদারের স্ত্রী সাধনা হালদার, রাজশাহী থেকে সাবেক মন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, বগুড়া থেকে অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, নাটোর থেকে শেফালী মমতাজ, চাপাইনবাবগঞ্জ থেকে শওকত আরা বেগম, পঞ্চগড় থেকে ফরিদা রহমান হীরা, কুড়িগ্রাম থেকে আহমেদ নাজনীন সুলতানা (নাজলী), মুন্সীগঞ্জ থেকে মমতাজ বেগম এবং বরিশাল থেকে পারভীন তালুকদার মায়া মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) নির্ধারিত ফর্মে উল্লেখ করতে হবে। প্রার্থীর করদাতা সনাক্তকরণ নম্বর না থাকলে স্বামীর টিআইএন এবং সম্পদের পরিমাণ উল্লেখ করতে হবে। কারো কোনো বিল বকেয়া রাখা যাবে না। কারো বিরুদ্ধে মামলা হলে বা সাজা হয়ে থাকলে তা উল্লেখ করতে হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১২ মার্চ। সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে সংরক্ষিত মহিলা আসনের মধ্যে পাঁচটি পাবে বিএনপি এবং চারটি পাবে জাতীয় পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৩০ঘ.
bdnews24