২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাদেশগুলো মন্ত্রিসভার মাধ্যমে সংসদে আনা হবে: হাসিনা

তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো মন্ত্রিসভার মাধ্যমে সংসদে বিল আকারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ২৪ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো মন্ত্রিসভার মাধ্যমে সংসদে বিল আকারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "চিন্তার কিছু নেই। এগুলো ল্যাপ্স (অকার্যকর) হবে না। এগুলোকে ভূতপূর্ব কার্যকারিতা দেওয়া যেতে পারে। কারণ আমরা সবগুলোকে নতুন আইনের আকারে নিয়ে আসছি। "সব অধ্যাদেশ ক্যাবিনেটের মাধ্যমে নিয়ে আসা হবে। এগুলো বিল আকারে সংসদে আসবে। তারপর মনে হলে পাস করানো হবে।" সংসদ থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট সদস্যদের দ্বিতীয় দফা ওয়াকআউটের পর সংসদে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন। এরআগে, প্রথম দফা ওয়াক আউটের পর সংবাদ সম্মেলনে বিএনপি'র সহ সভাপতি এম কে আনোয়ার বলেছিলেন, "গত ২৫ জানুয়ারি এই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয়। আজ (মঙ্গলবার) বিকাল তিনটার সময় ৩০ দিনের মেয়াদ অতিবাহিত হয়ে গেছে। যেটা মারা মারা গেছে সেটাকে জীবিত করার কোনো কারণ নেই।" প্রধানমন্ত্রী বিরোধী দলীয় সাংসদদের উদ্দেশে বলেন, "ওনারা কী ওয়াকআউট করছেন, নাকি এমনি এমনিই চলে যাচ্ছেন?" জরুরি অবস্থা জারির জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটকে দায়ী করে হাসিনা বলেন, "তাদের দুর্নীতি, অত্যাচার এবং সংবিধান বিরোধী কার্যক্রম দেশকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিলো তাতেই জরুরি অবস্থা জারি করা হয়।" তিনি আরো বলেন, "সংসদের ক্ষমতা সবার ওপরে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এখানে বসে আছেন। যা করা হচ্ছে জনগণের স্বার্থেই করা হচ্ছে।" বিএনপি'র কর্মকাণ্ডের সমালোচনা করে হাসিনা বলেন, "যারা এতো সংবিধান বোঝায়, তারা অতীতে অসাংবিধানিক সরকারের সাথে ছিল। তারা মার্শাল ল' এর সাথে ছিল। বিএনপি'র জন্ম মার্শাল ল' থেকে। মাশাল ল' দিয়ে অধ্যাদেশ জারি করে তারা ক্ষমতা বৈধ করেছে। তারা কি তাদের অতীত ভুলে গেছে?" প্রধানমন্ত্রী অভিযোগ করেন, "রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা না হলে ওয়ান ইলেভেন আসতো না। এই কথাই আসতো না।" হাসিনা আরও বলেন, "বিএনপি'র সদস্যরা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল বলেই তারা মানিলন্ডারিং অধ্যাদেশের বিরোধিতা করেছেন।" বিডিনিউজ২৪ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/২৩০৪ঘ.