২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ সংসদে যাচ্ছে বিএনপি

দীর্ঘ ২৬ দিন বর্জনের পর সোমবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 06:55 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৬ দিন বর্জনের পর সোমবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। রোববার সন্ধ্যায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ''আমরা আজ (সোমবার) সংসদ অধিবেশনে যোগ দেব। বিরোধী দল হিসেবে বিএনপি গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে সংসদে যাবে। আশা করি, সরকারি দল এ ব্যাপারে উদার মনোভাবের পরিচয় দেবে। তারা এমন কোনো পরিবেশ সৃষ্টি করবে না, যাতে বিরোধী দল সংসদে যেতে বাধার মুখে পড়ে। '' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আসন বিন্যাসের বিষয়ে স্পিকার সন্মানজনক সমাধান দেবেন-এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সংসদে ফিরে যাচ্ছি।'' তত্ত্বাবধায়ক সরকার আমলের অধ্যাদেশগুলোর বিষয়ে বিএনপি সংসদে গিয়ে তার অবস্থান পরিস্কার করবে বলেও তিনি জানান। এ বিষয়ে তিনি আরো বলেন, "বিএনপি সংবিধানের সঙ্গে সঙ্গতিহীন কোনো অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ সমর্থন করবে না। '' নবম সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন ২৫ জানুয়ারি বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপিকে বিরোধী দলের বেঞ্চে প্রথম ও দ্বিতীয় সারিতে যথাক্রমে ৯টি ও ১০টি আসন দেন। কিন্তু নতুন স্পিকার আবদুল হামিদ শপথ নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করে প্রথম ও দ্বিতীয় সারিতে ৪টি করে আসন দেন। গত ২৮ জানুয়ারি বিএনপি এর প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে যোগদান থেকে বিরত থাকে। নবম সংসদে বিএনপির আসন সংখ্যা ২৮টি, জামায়াতে ইসলামীর ২টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/জিএনএ/১২৫৫ ঘ.