ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের। ৩০ মার্চ অনুষ্ঠেয় সংসদের সাত শূন্য আসনের উপ-নির্বাচনে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
অতীতে এ দায়িত্ব পালন করতেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "রাজনৈতিক সরকারের আমলে প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা কোনো এক পর্যায়ে প্রভাবিত হয়ে পড়েন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ঘোরপ্যাঁচের মধ্যে পড়তে হয়। এজন্য এবার ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এখন কোনো অভিযোগ পেলে ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারবো।"
রংপুর উপ নির্বাচন কমিশনার রংপুর ৩ ও ৬ আসনের রিটার্নিং কর্মকর্তা, কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কুড়িগ্রাম-২ আসনের, বগুড়া-৬ ও ৭ আসনে রাজশাহী উপ নির্বাচন কমিশনার, বাগেরহাট-১ আসনে খুলনা উপ নির্বাচন কমিশনার এবং ময়মনসিংহ উপনির্বাচন কমিশনারকে কিশোরগঞ্জ-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১২ জন জেলা নির্বাচন কর্মকর্তা ও একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।
এদিকে, উপ-নির্বাচনে সরকারের সর্বোচ্চ সহায়তা পাওয়া যাবে- এমনটি আশা করছে নির্বাচন কমিশন।
এম সাখাওয়াত বলেন, "এই উপ-নির্বাচনও সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে চাই। এজন্য যা যা প্রয়োজন হয়, তাতে যেন কোন কমতি না থাকে- সে সহযোগিতা আমরা চাই।"
নির্বাচনী প্রচারণায় সবাইকে আচরণবিধি অনুসরণ করে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, "তফসিল ঘোষণার পর কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সফরে না যান, তাদের প্রতি এ অনুরোধ জানাই।"
সফরে গেলে তার সময়সূচি ইসিকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রয়োজনে ভোট দিতে ইচ্ছে হলে, আবেদন সাপেক্ষে পোস্টাল ব্যালট সরবরাহ করা হবে।"
ইতোমধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে উল্লেখ করে এম সাখাওয়াত বলেন, "আচরণবিধি লংঙ্ঘিত হলে এসব কর্মকর্তারা জেল-জরিমানা দেবে।"
তফসিল অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীসহ অন্যদের ছেড়ে দেওয়া সাতটি আসনে আগামী ৩০ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। এছাড়া বাছাই ৫ মার্চ এবং ১২ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
গত ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি করে আসনে নির্র্বাচিত হওয়ার পর একটি করে আসন রেখে শেখ হাসিনা বাগেরহাট-১ ও রংপুর ৬, খালেদা জিয়া বগুড়া-৬ ও বগুড়া-৭, এরশাদ রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ ছেড়ে দেন এবং জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় তার কিশোরগঞ্জ-৬ আসনটি শূন্য হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এইচএ/১৮২৫ঘ.
bdnews24