২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ এ মোট মামলার ১০ শতাংশই নারী নির্যাতন মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার বলেছেন, গণতন্ত্রের সফল বাস্তবায়নের জন্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানা প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশের 'ভিকটিম সাপোর্ট সেন্টার' উদ্বোধনকালে সাহারা খাতুন একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা ফেব্র"য়ারী ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার বলেছেন, গণতন্ত্রের সফল বাস্তবায়নের জন্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানা প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশের 'ভিকটিম সাপোর্ট সেন্টার' উদ্বোধনকালে সাহারা খাতুন একথা বলেন। নির্যাতিত নারী ও শিশুদের সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে যা বাংলাদেশে এ ধরণের প্রথম ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রথম পাঁচটি অগ্রাধিকারের মধ্যেই রয়েছে। তিনি বলেন, "২০০৮ সালে ১৫ হাজারেরও বেশি নারী নির্যাতন মামলা হয়েছে যা দেশের মোট মামলার ১০ শতাংশ। এ থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসছে। আমি তাদের ধন্যবাদ জানাই।" স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজে দেশ ছেয়ে গেছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, "নারী ও শিশু নির্যাতনের বিষয়টি বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। হাজার বছর ধরে নারীরা নির্যাতনের শিকার হয়ে আসছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। "নারীদের সমস্যাগুলো আমি খুব ভালোভাবে বুঝি। বাবা হারানোর পর মা ও তিনবোনের সঙ্গে আমি বড় হয়েছি। তাই তাদের কষ্টগুলো আমি বুঝতে পারি।" তিনি ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব সেন্টারে এসে নির্যাতিত নারীরা একজন নারীকে পাবেন, যিনি তাদের সব সমস্যা বুঝতে পারবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম, আইজিপি নূর মোহাম্মদ, ইউএনডিপি'র কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার এবং এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। এছাড়া মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ ধন্যবাদ বক্তব্য দেন। ইউএনডিপির পুলিশ সংস্কার প্রকল্পের অংশ হিসাবে বাংলাদেশ পুলিশ ও দশটি এনজিও সমন্বিতভাবে সেন্টারটির কার্যক্রম পরিচালনা করবে। অপরাধ বা নির্যাতনের ভিকটিমকে সহায়তা দিতে দেশে প্রথমবারের মতো পুলিশ এ ধরণের একটি বিশেষায়িত সেবা চালু করল। পাচার, এসিড হামলা, ধর্ষণ, যৌন নিপীড়ন ও পারিবারিক নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টার থেকে সার্বিক সহযোগিতা পাবেন। এই সেন্টারের মাধ্যমে ভিকটিমকে মনোসামাজিক পরামর্শ এবং স্বাস্থ্য ও আইনগত সহায়তা দেওয়া হবে। এছাড়া ভিকটিমের পরিবারের সদস্যদের পরামর্শ সেবা দেওয়া ও জনসচেতনতা সৃষ্টিতেও এই সেন্টার কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/এসকে/২০৩৫ঘ.