ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
কথিত ব্যাপক দুর্নীতির জন্য 'বনের রাজা' হিসেবে কুখ্যাতি পাওয়া এ কর্মকর্তার জামিন স্থগিতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল মতিন মঙ্গলবার এই আদেশ দেন।
আবেদনের পক্ষে অংশ নেওয়া সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম এনায়েতুর রহিম হাইকোর্টের জামিনের আদেশে বিস্ময় প্রকাশ করেন।
২০০৭ সালের ২৯ মে ওসমানকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তখন তার বাড়ির চালের ড্রাম ও জাজিমের নিচে লুকিয়ে রাখা নগদ ১ কোটি টাকা উদ্ধার করা হয়।
ওসমান গনির পক্ষে হাইকোর্টে ওই আবেদনটি করেন মওদুদ আহমেদ।
১৫ ফেব্র"য়ারি হাইকোর্ট তার চার মাসের জামিন মঞ্জুর করে।
গত বছরের ৫ জুন একটি বিশেষ আদালত ওসমান গনিকে অবৈধভাবে সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা হিসাবে সম্পদের সঠিক তথ্য গোপন করার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
এছাড়াও ১০ লাখ টাকা জরিমানাসহ তার ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং তার স্ত্রীর ২ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং ২৭০ তোলা স্বর্ণের গহনা বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত।
২০০৬ সালের ২৬ জুলাই দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী উত্তরা থানায় এই মামলাটি দায়ের করেন।
এই মামলায় অভিযোগ করা হয়, ওসমান এবং তার স্ত্রী মোট ৪ কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯৫৭ঘ.
bdnews24