ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ দূতের মন্তব্যের নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
যুদ্ধাপরাধের বিচারের লক্ষ্যে গঠিত এ সংগঠনের তিন নেতা অধ্যাপক কবীর চৌধুরী, শাহরিয়ার কবির ও কাজী মুকুল মঙ্গলবার এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন।
পাকিস্তানী প্রেসিডেন্টের বিশেষ দূত জিয়া ইস্পাহানি সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনির সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকরা যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তান সহযোগিতা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, '' আমি মনে করি এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। ঠিক এই মুহূূর্তে আমাদের এ কাজে হাত দেওয়া উচিৎ নয়।''
বিবৃতিতে নির্মূল কমিটি নেতারা বলেন, "বাংলাদেশে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করার ষোলআনা এখতিয়ার বাংলাদেশ সরকারের রয়েছে। বন্ধুত্বের সর্ম্পকের স্বার্থে এ বিষয়ে পাকিস্তানের উচিৎ বাংলাদেশকে সহযোগিতা করা। তা না করে পাকিস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত যে নেতিবাচক মন্তব্য করেছেন তা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকের ক্ষেত্রে অনুকূল নয়।"
বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে পাকিস্তানের উচিত যুদ্ধাপরাধীদের পক্ষ না নিয়ে ন্যায় বিচার ও মানবাধিকারের স্বার্থে সহযোগিতা করা। ইয়াহিয়া, টিক্কা, নিয়াজী, ফরমান আলীদের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায় কেন পাকিস্তান এখনো বহন করবে তা আমাদের বোধগম্য নয়।"
এতে আরো বলা হয়, পাকিস্তানের সচেতন নাগরিক সমাজও '৭১-এর যুদ্ধাপরাধের বিচার চায়। পাকিস্তানের উচিত শুধু বাংলাদেশের নয়, তাদের দেশের এই জনমতের প্রতিও শ্রদ্ধা দেখানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/১৯১০ঘ.
bdnews24