২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে স্বাধীন ও শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী

সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী দেখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দৃশ্যত দুর্নীতির নজরদারির দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির নিজেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, অন্যের দুর্নীতি দূর করতে গিয়ে ভবিষ্যতে কেউ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী দেখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দৃশ্যত দুর্নীতির নজরদারির দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির নিজেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, অন্যের দুর্নীতি দূর করতে গিয়ে ভবিষ্যতে কেউ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনায় কৌঁসুলিদের জন্য বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে জাতিসংঘের সফররত সহকারী মহাসচিব অজয় চিবারের সঙ্গে বৈঠকে একথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী এসময় বলেন, "দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। কাজ করার সুযোগ দিতে হবে স্বাধীনভাবে। জনগণ যাতে মনে করে, দুর্নীতি করে পার পাওয়া যাবে না। দেখার লোক আছে।" প্রধানমন্ত্রী মন্তব্য করেন, "দুদকের কৌঁসুলিদের পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ হয়েছে। এভাবে জনগণের অর্থ অপচয়ের যৌক্তিকতা ও যথার্থতা নিয়ে জনগণের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক।" বেলা সাড়ে ১১টার দিকে জাতিসংঘ সহকারী মহাসচিব চিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা ডেসালিয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান প্রিয়েজনার ও নীতিনির্ধারণ বিষয়ক উপদেষ্টা ম্যাগনাস লান্ডগ্রিন। এ বৈঠক প্রসঙ্গে আবুল কালাম আজাদ তার কার্যালয়ে সাংবাদিকদের আরো বলেন, "বাংলাদেশে একটি সফল নির্বাচন এবং আওয়ামী লীগের বিপুল বিজয়ের জন্য প্রতিনিধি দলের সদস্যরা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা নিয়েও বৈঠকে আলোচনা হয়।" বৈঠকে প্রাকৃতিক দূর্যোগ, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন এবং বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য সঙ্কট মোকাবেলায় জাতিসংঘকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "অধ্যাদেশগুলো খতিয়ে দেখার জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। চুলচেরা বিশ্লেষণ করে যে অধ্যাদেশগুলো জনস্বার্থে পাশ করানোর মতো সেগুলো পাস করা হবে।" এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত জিয়া ইস্পাহানি সকাল সাড়ে দশটায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জিয়া ইস্পাহানি রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ গিলানীর অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "তিনিও বহুবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীদের কোনো সীমারেখা নেই। সম্মিলিতভাবেই সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে।" এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবর, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/এএল/এইচএ/এসকে/২০১৯ ঘ.