ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাইকো দুর্নীতি মামলা বাতিলে শেখ হাসিনার দায়ের করা আবেদন আদালতের দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
এছাড়া ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের আবেদনের চূড়ান্ত শুনানি ১৯ এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছে।
শেখ হাসিনার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট এএফএম মেসবাহউদ্দিন ও সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের যৌথ আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকো মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদন আদালতের কার্যতালিকা থেকে হাইকোর্ট বাদ দিয়েছে। এছাড়া আদালত ভাসমান বিদুৎ কেন্দ্র বাতিলের আবেদনের শুনানি ১৯ এপ্রিল পর্যন্ত পর্যন্ত মুলতবি করেছে।"
গত ৭ জানুয়ারি মামলা দুটি বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত পেছানো হয়েছিল। একইসঙ্গে হাইকোর্ট আবেদন দুটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা দুটিতে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করারও আদেশ দেয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতবছরের ২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।
অন্যদিকে, গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধভাবে বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। পরে এ মামলায় হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৬২৭ ঘ.
bdnews24