২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পাচ্ছে না ৭২টি অধ্যাদেশ

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৭২টি অনুমোদন পাচ্ছে না বলে রোববার জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে একইসঙ্গে তিনি জানান, এসব অধ্যাদেশের আওতায় নেওয়া সিদ্ধান্ত বৈধ হিসেবেই গণ্য হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৭২টি অনুমোদন পাচ্ছে না বলে রোববার জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে একইসঙ্গে তিনি জানান, এসব অধ্যাদেশের আওতায় নেওয়া সিদ্ধান্ত বৈধ হিসেবেই গণ্য হবে। সচিবালয়ে জাতিসংঘ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "রোববার বিকেলে শুরু হওয়া অধ্যাদেশ বাচাই সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের করা প্রায় ৫০টি অধ্যাদেশ অনুমোদনের জন্য চূড়ান্ত করা হবে। বাকি ৭২টিকে অনুমোদন দেওয়া হবে না।" তিনি বলেন, "৫০টি অধ্যাদেশ বিল আকারে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার (ক্যাবিনেটের) ম্যাধ্যমে তা সংসদে যাবে। এগুলোর মধ্যে নির্বাচন, আইনশৃঙ্খলা, বাজেট, বিচার বিভাগ পৃথিকীকরণ, দুর্নীতি দমন কমিশনসহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোই অনুমোদন দেওয়া হবে।" আইনমন্ত্রী বলেন, "যেসব অধ্যাদেশ অনুমোদন দেওয়া হবে না, ওই অধ্যাদেশের আওতায় নেওয়া সিদ্ধান্তগুলো বৈধ হিসেবেই গণ্য হবে।" যুদ্ধাপরাধীদের বিচারে সরকার কোন পদ্ধতি বা প্রক্রিয়া অবলমম্বন করবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হবে এটা নিশ্চিত। কিন্তু কোন পদ্ধতি বা প্রক্রিয়ায় তা সম্পূর্ণ করা হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সরকারের বিবেচনাধীন।" জাতিসংঘের সহকারী সেক্রেটারী জেনারেল অজয় চিবারের সঙ্গে আলোচনা সম্পর্কে শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "আদালত ও মামলা ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল বিচার প্রার্থী মানুষের বিচার পাওয়া নিশ্চিত করতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।" তিনি বলেন, "ইউএনডিপি প্রতিনিধি দলটির সঙ্গে বাণিজ্য আইন সংক্রান্ত বিষয়েও আলোচনা করেছে। অন্যান্য দেশে বাণিজ্যিক মামলা নিষ্পত্তি করতে ৩০-৩৫ দিন সময় লাগে। কিন্তু আমাদের দেশে এটা লাগে প্রায় ৭৫ দিন। এটা কমিয়ে আনার বিষয়ে কথা হয়েছে। এতে বিনিয়োগকারীদের সুবিধা হবে।" এ সময় ইউএনডিপি'র আসাবিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান এবং স্টিফান প্রিজনার উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "এটা ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং রায়ের বিষয়ে কিছু কথা হয়েছে। তার যেন ন্যায় বিচার পান সে বিষয়ে কথা হয়েছে।" ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক এবং সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৫২৩ ঘ.