ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের আওতার বাইরে তত্ত্বাবধায়ক সরকারের জারি করা কোনো অধ্যাদেশই সংসদে অনুমোদন করবেনা বিএনপি।
শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজ পরিচালনার জন্য যেসব অধ্যাদেশ জারি করেছে এর বাইরে কোনো অধ্যাদেশকে অনুমোদন দেবে না বিএনপি।"
এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদে উত্থাপিত ১২২টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়। এতে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গণি, খন্দকার মাহাবুবউদ্দীন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহাবুবুর রহমান, এম শামসুল ইসলাম এবং চেয়ারপারসনের বিশেষ আমন্ত্রণে বিচারপতি টিএইচ খান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও এমকে আনোয়ার উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে সংসদে উত্থাপিত ১২২ টি অধ্যাদেশের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে খোন্দকার দেলোয়ার বলেন, "সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদের বাইরে যে অধ্যাদেশ রয়েছে সেগুলোকে অনুমোদন দেবে না বিএনপি। কেবলমাত্র ওই অনুচ্ছেদের আওতায় নির্বাচন অনুষ্ঠান ও সরকারের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য যেসব অধ্যাদেশ রয়েছে সেগুলোকে অনুমোদন দেবে বিএনপি। একইসঙ্গে ওইসব অধ্যাদেশে আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু থাকলে তাও বাতিল বলে বিবেচিত হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, "আমরা আগে থেকেই বলে এসেছি দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে জরুরি অবস্থা জারি করে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল। এরপরও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু সেখানেও মহাজোট মহা কারচুপি করেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতায় ছিল।"
অপর এক প্রশ্নের জবাবে সংসদে উত্থাপিত অধ্যাদেশ সংক্রান্ত বিশেষ কমিটির সদস্য ও বিএনপির সহ-সভাপতি এমকে আনোয়ার বলেন, "কমিটিতে অধ্যাদেশগুলোর বিষয়ে প্রাথমিক আলোচনা হচ্ছে। কমিটির অধিকাংশ সদস্য নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের জন্য জারি করা অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার পক্ষে। অন্য অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের দ্বিমত রয়েছে।"
তিনি জানান, ইতোমধ্যে দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞরাও একইরকম মতামত দিয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ নাজিমউদ্দীন আলম, খায়রুল কবীর খোকন ও শিরীন সুলতানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এএল/এইচএ/২১৩২ ঘ.
bdnews24