নোয়াখালী, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পুর্ব চাঁদপুর গ্রামে মো. জাফর (২৬) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।
শুক্রবার সকালে অপহরণের পর তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা আমিশাপাড়া-বজরা সড়কের পাশে তার লাশ ফেলে রাখে। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামে শ্বশুরবাড়ির কাছে একটি চা দোকানের পাশে মোবাইল ফোনে কথা বলার সময় কয়েকজন সন্ত্রাসী জাফরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জোরপূর্বক তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
শনিবার দুপুর ১টার দিকে আমিশাপাড়া-বজরা সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাফরের মা বিবি কুলসুম জানান, গত ৩১ জানুয়ারি আওয়ামী লীগ নেতা খন্দকার রুহুল আমিনকে যুবলীগ কর্মী মিরণ ও তার সহযোগীরা বজরা বাজারে লাঞ্ছিত করে। এই ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে মিরণ ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেন। জাফর ওই মামলার একজন আসামি। রুহুল আমিন লাঞ্ছিত হওয়ার পর থেকেই জাফর পলাতক ছিলেন।
কুলসুম অভিযোগ করেন, "রুহুল আমিনকে অপমানের ঘটনার জের ধরেই আমার ছেলে খুন হয়েছে।"
তবে রুহুল আমিন এ অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেন।
জাফর বজরা ইউনিয়নের চাঁদপুর এলাকার মফিজ উল্লাহর ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩২৩ঘ.
bdnews24