ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচন থেকে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন করতে সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, "মহিলা আসনে নারীরা যাতে সংসদে নির্বাচিত না হয়ে সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারেন সে জন্য প্রয়োজনমতো সংবিধান সংশোধন করা হবে। আওয়ামী লীগ বিশ্বাস করে, আগামীতে মহিলারা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও তা উল্লেখ আছে।"
যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের হাতে ফরম তুলে নিয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
এ সময় সেখানে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ব্যাপক ভিড় ছিল। ভিড়ের কারণে আধা ঘণ্টা মনোনয়নপত্র বিতরণ স্থগিত ছিল।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ সময় সাংবাদিকদের জানান, আগামী ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। প্রতি ফরম বাবদ দশ হাজার টাকা অফেরতযোগ্য জামানত ফি দিতে হবে।
সৈয়দ আশরাফ বলেন, "এসব মনোনয়নপত্র আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে যাবে এবং সেখানে মনোনয়ন চূড়ান্ত করা হবে। মনোনয়নে ত্যাগ-তিতিক্ষা, শিক্ষাগত যোগ্যতা ও আন্দোলনের ভূমিকা এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।"
আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "দেশের ইতিহাসে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো গুরুত্ব্পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দু'জন মহিলাকে।"
তিনি আরো বলেন, "আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং সংসদ উপনেতাও নারী।"
নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জোটভিত্তিক ভোটার (সাংসদদের) তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে ইসি।"
সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করার বিধান রয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ মার্চের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন করার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
সংরক্ষিত ৪৫টি মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৫টি, বিএনপি পাঁচটি, জাতীয় পার্টি চারটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24