ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুক্রবার কাজ শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
শনিবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাবেন তিনি।
দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন জিল্লুর রহমান। এ সময়ে রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডি থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি।
সকাল ১১টা ২২ মিনিটে তিনি সেখানে পৌঁছে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, সাংসদ তৌহিদ জং মুরাদ, বেনজীর আহমেদ ও তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।
নতুন রাষ্ট্রপতি বৃহস্পতিবার রাত কাটান তার গুলশানের বাসভবন আইভি টাওয়ারে। সেখান থেকেই তিনি শুক্রবার সকালে দিনের কর্মসূচি শুরু করেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি শেষ করে রাষ্ট্রপতি গুলশানের আইভি টাওয়ারেই গেছেন।
রাষ্ট্রপতি শনিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরাস্থানে স্ত্রী আইভি রহমান ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করবেন। এরপর রাষ্ট্রপতি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন।
বৃস্পতিবার সন্ধ্যায় জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৩১৫ ঘ.
bdnews24