২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লিফলেট বিলির সময় শিবির কর্মীকে পিটুনি

সাংগঠনিক লিফলেট বিলির সময় নগরীর সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষার্থীরা ইসলামি ছাত্র শিবিরের এক কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাংগঠনিক লিফলেট বিলির সময় নগরীর সরকারি মুসলিম হাই স্কুলের শিক্ষার্থীরা ইসলামি ছাত্র শিবিরের এক কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এর আগে লিফলেট বিলিতে বাধা দেওয়া হলে জামায়াতে ইসলামি সমর্থিত ছাত্র সংগঠনটির কয়েকজন কর্মী এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করলে তারা ক্ষুদ্ধ হয়ে একজনকে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সরকারি মুসলিম হাই স্কুলে লিফলেট বিলি করতে যায় বেশ কয়েকজন শিবির কর্মী। লিফলেট বিতরণের সময় শিক্ষার্থীরা বাধা দিলে তারা স্কুলের দশম শ্রেণীর ছাত্র আহসান হাবীব সেতুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সাধারণ ছাত্ররা তাদের বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা আউয়াল নামের এক শিবির কর্মীকে আটক করে মারধর করে। এরপর তারা আউয়ালকে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ মুচলেকা নিয়ে আটক শিবিরকর্মীকে ছেড়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে স্কুলের কয়েক শ' শিক্ষার্থী মিছিল ও সমাবেশ করেছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিফলেট বিলি করতে আসা ছেলেদের সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের হাতাহাতি হয়। তবে শিক্ষার্থীরা এক ছেলেকে ধরে পুলিশে দিলেও সে শিবিরের সমর্থক কি না তা পরিষ্কার নয় বলে তিনি জানান। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর মো. সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক মুসলিম হাই স্কুলের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র শিবিরের কর্মীরা প্রায় প্রতিদিন স্কুলে এসে লিফলেট বিতরণ ও শিবির কর্মী হওয়ার জন্য তাদের জোর করে। দীর্ঘদিনের ক্ষোভ থেকে স্কুলের ছাত্ররা তাদের পিটুনি দিয়েছে বলে সে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/এসকে/২৩১১ঘ.