২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ বললেন তিনিও খুশি

নিজের স্বপ্ন পূরণ না হলেও জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় খুশিই হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নিজের স্বপ্ন পূরণ না হলেও জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় খুশিই হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর বঙ্গভবনের দরবার হলের লবিতে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় সাবেক সেনাশাসক ও রাষ্ট্রপতি এরশাদ বলেন, "জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ায় আমি খুশি হয়েছি। উনি একজন ত্যাগী নেতা। দলের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এজন্য রাষ্ট্রপতি পদটি তার প্রাপ্য।" তবে মাস খানেক আগেও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখেছেন বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতাসীন একসময়ের এই স্বৈরশাসক। বস্তুত, নির্বাচনের আগে থেকে শুরু করে বিভিন্ন সময় এ বিষয়ে তার অবস্থান ছিল দোদুল্যমান। জাতীয় নির্বাচনে মহাজোটের বিপুল জয়ের পর ২ জানুয়ারি জাতীয় পার্টির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, "আমি রাষ্ট্রপতি হই এটা আমাদের দাবি; দেশবাসীর দাবি।" আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করা হতে পারে- এমন গুঞ্জনের প্রতিক্রিয়ায় ওই সময় তিনি আরও বলেন, "প্রবীণ হিসেবে জিল্লুরের চেয়ে আমি বড়।" আবার গত ১১ জানুয়ারি রংপুরে এক জনসভায় রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে এরশাদ বলেছিলেন, "আমি রাষ্ট্রপতি হলে জাতীয় পার্টি ধ্বংস হয়ে যাবে।" 'মহাজোটের স্বার্থেও' তিনি রাষ্ট্রপতি পদের দাবি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে সংসদ উপনেতা হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, "এটা করা হলে সানন্দে গ্রহণ করবো।" বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান । জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি (ষোড়শ ব্যক্তি) হলেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ মেয়াদে ১৫ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমএইচসি/এএল/এইচএ/এসকে/২২৫০ঘ.