২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিগত দুই সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ একান্ত প্রয়োজন'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও চারদলীয় জোট সরকারের দুর্নীতির 'শ্বেতপত্র' প্রকাশ করা একান্ত প্রয়োজন। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও চারদলীয় জোট সরকারের দুর্নীতির 'শ্বেতপত্র' প্রকাশ করা একান্ত প্রয়োজন। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ মন্তব্য করেন। মুজিবুল হক জানতে চান- চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায় সরকারের সময় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ওই দুই আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, "পাচার করা টাকা যেন দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সে ব্যবস্থা আমরা করবো। দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। আমি মাননীয় সাংসদের এই প্রস্তাব সমর্থন করি। অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করা একান্ত প্রয়োজন।" এরআগে, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডলের আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রংপুরে একটি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়ার নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয় করা হবে। আওয়ামী লীগের সাংসদ আব্দুল মতিন খসরুর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "বিগত চারদলীয় জোটের সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন এবং দখলের তদন্ত হবে।" মতিন খসরু তার প্রশ্নে দাবি করেন, চারদলীয় জোট সরকারের সময়ে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নেওয়া হয়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোন অপরাধী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" সাংসদ রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে, শেখ হাসিনা বলেন, "আমিই প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি। আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে।" প্রধানমন্ত্রী আরো বলেন, "যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়েছে সে রক্তের স্বাদ ভোলে না; আবারো রক্তের স্বাদ পেতে চায়। যারা এতোদিন এটা করেছে তাদের এই অভ্যাস বদলাতে একটু সময় লাগবে। তবে, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের চেষ্টা করবো। আর, এটা যারা ঘটাবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/২২৩৫ঘ.