ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন প্রবাসী বাংলাদেশীদের প্রতি দেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে লন্ডনের সিটি অব ক্যামবেল-এর নির্বাচিত মেয়র নুরুল ইসলাম সালিকের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান।
সাক্ষাৎ শেষে চেয়ারর্পাসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ''সাবেক প্রধানমন্ত্রী লন্ডন প্রবাসী বাংলাদেশীদের দেশে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন। বিশেষ করে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি তাদের অনুরোধ করেন।''
তিনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন। এছাড়া প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার বিষয়টিও বিরোধী দলীয় নেতার কাছে তুলে ধরেন তারা।
নুরুল ইসলাম ব্রিটিশ লেবার পার্টির সদস্য। প্রতিনিধি দলে হাউজ অব কমন্সের কয়েকজন সদস্যও রয়েছেন।
সাক্ষাৎকালে চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/২১৩০ঘ.
bdnews24